সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

ইতিহাস গড়তে চায় পাকিস্তান

ইতিহাস গড়তে চায় পাকিস্তান

এখনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার নজির দেখাতে পারেনি পাকিস্তান। আজ সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস রচনা করতে চায় দলটি। গতকাল পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট জানান, শিরোপায় চোখ রেখেই বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে লড়বেন তারা। ইউসুফ বলেন, ‘আমাদের কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট সাফ। আর আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও রয়েছে। সাফ জেতাই দলের বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’

বিজ্ঞাপন

প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম বাংলাদেশ দলের হামজা চৌধুরী। গত ম্যাচে হামজার নেতৃত্বে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তবে হামজাকে নিয়ে ভাবছে না পাকিস্তান। এমনটাই বললেন ইউসুফ। তিনি বলেন, ‘হামজা কিংবা অন্য কাউকে নিয়ে আমরা ভাবছি না। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আব্দুল্লাহ ইকবাল আছে, ঈসা সুলিমান আছে, আদিল নবি আছে, আব্দুল আরশাদ আছে। আমি মনে করি যে, তারা (হামজা-ফারহানরা) দুর্দান্ত খেলোয়াড়। তবে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বংশোদ্ভূত খেলোয়াড়ই পার্থক্য গড়ে দিতে পারেন। তবে ইউসুফ জানান, নির্দিষ্ট কাউকে নয়, বরং প্রতিপক্ষ দল নিয়ে চিন্তায় আছে পাকিস্তান। তিনি বলেন, ‘আবারও বলছি, সবকিছু (আমাদের ভাবনা) প্রতিপক্ষ দল নিয়ে। কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেব এবং আশা করি, ইনশাআল্লাহ, সেটাই যথেষ্ট হবে।’ ফাইনালে উঠে ভারতের বিপক্ষে খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউসুফ। তিনি বলেন, ‘আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। কারণ আমাদের জন্য গত ম্যাচটি খারাপ গেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন