সাম্বার জোড়ায় নরউইচকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

সাম্বার জোড়ায় নরউইচকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

দাপুটে জয়ে কারাবাও কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচে নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে এনজো মারেসকার দল। ম্যাচের সবচেয়ে বড় গল্প ১৭ বছর বয়সি ফ্লয়েড সাম্বাকে ঘিরে। ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেকেই জোড়া গোল করে আলো কেড়ে নিয়েছেন একাডেমির এই তরুণ। তার দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে রায়ান শেরকি, অ্যালান ও রায়ান ম্যাকঅইডুর গোলে সহজ জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যানচেস্টার সিটি এই ম্যাচে নেমেছিল ১০টি পরিবর্তন নিয়ে। বিশ্রামে ছিলেন আর্লিং হালান্ড। তার জায়গায় আক্রমণভাগে সুযোগ পান সাম্বা। স্বাভাবিকভাবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও এদিন নতুন ভূমিকায় নেমে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ১৭ বছর বয়সি এই ফুটবলার।

বিজ্ঞাপন

২৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। নিকো ও’রাইলির বাঁ প্রান্ত থেকে বাড়ানো ক্রসে অ্যালান উড়িয়ে দিলে দারুণ বুদ্ধিমত্তা ও নিয়ন্ত্রণ দেখিয়ে হেডে বল জালে পাঠান সাম্বা। তিন মিনিট পর মাঝমাঠ থেকে আইয়ুব বুয়াদ্দির বাড়ানো পাস ধরে জাল খুঁজে নেন রায়ান শেরকি। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করেন অ্যালান। এরপর আবারও আলো ছড়ান সাম্বা। ৫৪ মিনিটে রায়ান এইত-নুরির কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। অভিষেকেই জোড়া গোল পূর্ণ হয় তার। এরপর যোগ করা সময়ে সিটির হয়ে পঞ্চম গোলটি করেন বদলি রায়ান ম্যাকঅইডু।

এই জয়ের মাধ্যমে কারাবাও কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। এর আগে গত মৌসুমের ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতেছিল সিটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন