সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

পাকিস্তানকে হারিয়ে সাফ শুরু ভারতের

পাকিস্তানকে হারিয়ে সাফ শুরু ভারতের

সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে দুদলের খেলোয়াড়রা সম্প্রীতির বার্তা দেন। সেটি দেখা যায় খেলার মাঠেও। দুদলের খেলোয়াড়রা হ্যান্ডশেক করেছেন। সৌহার্দপূর্ণ পরিবেশেই হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। তবে এ ম্যাচে জয়ের হাসি হাসল ভারত। এবারের সাফে দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সাফ মিশন শুরু করল ভারতীয়রা। তাদের এই জয়ের নায়ক জোড়া গোলদাতা সুহাইল আহমদ ভাট।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে বেশ চাপে রাখে সাফের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। সুফল পেতেও সময় লাগেনি তাদের। ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। সতীর্থের আড়াআড়ি ক্রস থেকে নিখুঁত শটে গোল করেন সুহাইল। অবশ্য আগের মিনিটেই গোল পেতে পারতেন এই ফরোয়ার্ড। কিন্তু অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়ে যায়। আক্রমণের ছন্দ ধরে রেখে ১৯ মিনিটে স্কোর লাইন ২-০ করে ভারত। এবারও গোলদাতার নাম সুহাইল। অভিষেক ধনঞ্জয়ার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে পাকিস্তান গোলরক্ষক ইউসুফকে পাশ দিয়ে বল জালে জড়ান এই ২১ বছর বয়সী তরুণ। সুহাইলের জোড়া গোলের পর ৩১ মিনিটে তৃতীয় গোলটি হজম করে পাকিস্তান। কিপগেনের শটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি গোলরক্ষক ইউসুফ। বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিল পাকিস্তানিরা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পাকিস্তানের শায়েক দোস্ত। বল পোস্টের বাইরে উড়িয়ে মেরে দলকে হতাশ তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে অনেক চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি পাকিস্তান দল। যদিও শেষ দিকে ঝলক দেখায় তারা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় আলি রেজার ক্রস থেকে হেডে গোল করেন নাজিব উল্লাহ। এর পরপরই বক্স থেকে আলমগীর আলি আরেকটি গোল করেন। শেষ মুহূর্তে এই দুটি গোল আফসোস বাড়িয়েছে পাকিস্তানের।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন