সৌদি প্রো লিগে গোলের ধারাবাহিকতায় নতুন মাইলফলক গড়েছে আল-নাসর। টানা ১০০ লিগ ম্যাচে অন্তত একটি করে গোল করেছে রিয়াদের ক্লাবটি। এই অর্জনে গর্বিত ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে পর্তুগিজ তারকা বলেছেন, এমন কীর্তির অংশ হতে পেরে তিনি গর্বিত।
আল-হাজমের বিপক্ষে ১-০ গোলের জয়ে এই মাইলফলক স্পর্শ করে আল-নাসর। সৌদি প্রো লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন সামু কোস্তা। ম্যাচে শুরু থেকেই খেলেছেন রোনালদো ও তাঁর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। তবে ঐতিহাসিক ধারাবাহিকতার শততম ম্যাচে গোলটি এসেছে কোস্তার পা থেকে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘দারুণ জয় এবং টানা ১০০ লিগ ম্যাচে দল হিসেবে গোল করার কীর্তি। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’ তাঁর বার্তায় স্পষ্ট, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
আল-নাসরের এই ধারাবাহিকতা তাদের আক্রমণভাগের কার্যকারিতারই প্রমাণ। দীর্ঘ সময় ধরে প্রতিটি লিগ ম্যাচে অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠানো সহজ নয়। গোলদাতার পরিবর্তন হলেও দলটির আক্রমণাত্মক ধারায় ছেদ পড়েনি। আল-হাজমের বিপক্ষে জয়ও সেই ধারারই সর্বশেষ উদাহরণ। এই জয়ে লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে আল-নাসর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

