সৌরভ ও ডরিলেটনের হ্যাটট্রিক

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান ও কিংস

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান ও কিংস

ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মোহামেডান ৪-০ গোলে বিধ্বস্ত করে আরামবাগ ক্রীড়া সংঘকে। এই ম্যাচে হ্যাটট্রিক উপহার দেন মোহামেডানের সৌরভ দেওয়ান। অপর ম্যাচে ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ৪-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। এই ম্যাচে কিংসের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন ডরিয়েলটন গোমেজ। ‘বি’ গ্রুপের সেরা দল হয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল কিংস। চার ম্যাচ খেলে দুটিতে জয় ও দুটিতে ড্রয়ে তাদের অর্জন সর্বোচ্চ ৮ পয়েন্ট। একই গ্রুপে থাকা মোহামেডানের অর্জনও ৮ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠল মোহামেডান। তারাও দুটি ম্যাচে জয় ও দুটিতে ড্র করেছে।

ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানের দাপুটে জয়ের নায়ক ‘হ্যাটট্রিক ম্যান’ সৌরভ। ৩৬ মিনিটে জুয়েল মিয়া প্রথম গোল করার পর ম্যাচ নিজের করে নেন এই ফরোয়ার্ড। আরামবাগের রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে প্রথম গোলটি করেন জুয়েল। বিরতির পর ৭৬ থেকে ৮৯- এই ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন সৌরভ। ৭৬ মিনিটে কাজী রাহাত সতীর্থকে আড়াআড়ি ক্রস দিতে গিয়ে তালগোল পাকান। বক্সের ভেতরে আচমকা পাওয়া সুযোগ হেডে কাজে লাগান সৌরভ। ৮৩ মিনিটে বক্সের ভেতর থেকে নিচু শটে আরেকটি গোল উপহার দেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ৮৯ মিনিটে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরে বাম পায়ের কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন সৌরভ। এর আগে ৬৮ মিনিটে সতীর্থের লং পাস ধরে সৌরভ জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।

বিজ্ঞাপন

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির বিপক্ষে কিংসের হয়ে সবগুলো করেছেন ডরিয়েলটন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে গোল করেন এই ব্রাজিলিয়ান। বক্সে মধ্যে ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি পায় কিংস। পেনাল্টি থেকে গোল করেন ডরিয়েলটন। এরপর ৫২, ৮৩ ও ৮৮ মিনিটে বাকি তিনটি গোল করেন এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ বাবলু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন