২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো তাজা আর্জেন্টাইন সমর্থকদের মনে। সেই হতাশারই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তাঁকে চিনতে না পেরে এক গাড়ির গ্যারেজের মালিক সরাসরি অভিযোগ করে বসেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা ইচ্ছা করেই বিশ্বকাপের ফাইনাল স্পেনের কাছে ছেড়ে দিয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি গাড়ির গ্যারেজে গিয়েছিলেন মেদিনা। সেখানে গ্যারেজের মালিক তাঁকে মাতের কাপ দিয়ে আপ্যায়ন করেন। কিন্তু মেদিনার হাতে থাকা পাত্রে আর্জেন্টিনা জাতীয় দলের তিনটি তারকা খোদাই করা দেখে তিনি জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে সমালোচনা শুরু করেন।
গ্যারেজ মালিক তখনও জানতেন না, যার সামনে বসে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এত কথা বলছেন, তিনিই জাতীয় দলের ডিফেন্ডার মেদিনা। মেদিনা অবশ্য নিজের পরিচয় প্রকাশ করেননি। বরং বিষয়টি উপভোগ করতে তিনি ওই ব্যক্তিকে আরও কথা বলতে উৎসাহ দেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁর অভিযোগ শোনেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
মেদিনা পরে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, তিনি ওই ব্যক্তিকে আরও বিস্তারিত বলতে বলেছিলেন। তখন গ্যারেজ মালিকের বক্তব্য ছিল, ‘আমরা এটা ছেড়ে দিয়েছি। আমরা ম্যাচটা ছুড়ে দিয়েছি।’
তবে ঘটনাটির আসল চমক আসে কিছুক্ষণ পর। পাশের একটি বেকারি থেকে বের হওয়া এক নারী মেদিনাকে চিনতে পারেন। পরে তিনি গ্যারেজ মালিকের সঙ্গীকে বিষয়টি জানান। মেদিনাকে দেখে ওই নারী এতটাই অবাক হয়ে যান যে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন।
মেদিনার ভাষায়, তিনি কিছুটা দূরে সরে গিয়ে ওই নারীকে কাঁদতে দেখেন। তাঁর মনে তখন প্রশ্ন—‘সে এখানে কীভাবে থাকতে পারে!’ পরিস্থিতি স্বাভাবিক করতে মেদিনা নিজেই তাঁর কাছে এগিয়ে যান। এরপর তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘এখন কেঁদো না। আমরা কিছুই ছেড়ে দিইনি, আমরা জিততে চেয়েছিলাম।’ পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

