মেসি-ডি পল জুটিতে প্লে-অফে মিয়ামি

মেসি-ডি পল জুটিতে প্লে-অফে মিয়ামি

শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিয়ামি। লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে রদ্রিগো ডি পলের গোল, সঙ্গে জার্মান বের্তেরামের লক্ষ্যভেদ; এই দুই গোলেই নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে দলটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মিয়ামি। ম্যাচের ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বের্তেরামে। চলতি মৌসুমে এটি তাঁর অষ্টম গোল। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। মেসির নিখুঁত পাস থেকে বল পেয়ে জালে পাঠান তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েছিল নিউইয়র্ক সিটি। তবে নিকোলাস ফার্নান্দেজের স্পটকিক ঠেকিয়ে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এতে টানা দ্বিতীয় ম্যাচে ক্লিন শিট ধরে রাখেন তিনি।

২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর সেই মৌসুমেই কেবল প্লে-অফে উঠতে পারেনি মিয়ামি। তবে এরপর টানা তিন মৌসুমেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। ২০২৪ সালে প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। তবে গত বছর ভ্যাঙ্কুভারকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মিয়ামি।

এবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন মেসি। ২০২৬ সালে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তোলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন এই মহাতারকা। এখন ক্লাবের হয়ে আরেকটি শিরোপা জিতে বছরটিকে স্মরণীয় করে তোলার সুযোগ তাঁর সামনে।

এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মিয়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখল তারা। গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসের অধীনে লিগে এটি মিয়ামির দ্বিতীয় জয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন