বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত উয়েফার

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত উয়েফার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে সর্বসম্মতভাবে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

বিজ্ঞাপন

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব বা মালিকানার একটি অংশ বেসরকারি কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা হস্তান্তর করার প্রস্তাব এনেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে উয়েফা এবং এর অন্তর্ভুক্ত ৫৫টি সদস্য দেশ একজোট হয়ে এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিশ্বকাপ কোনো ব্যবসায়িক বা বিনিয়োগ পণ্য নয়, বরং এটি ফুটবল ইতিহাসের এক মহান ঐতিহ্য।

ফিফা সদস্য সংস্থাগুলো যদি ভোটের মাধ্যমে এই বিনিয়োগ পরিকল্পনা অনুমোদন করে, তবে উয়েফা সরাসরি কঠোর পদক্ষেপে যাবে। এর ফলে পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপসহ ফিফা আয়োজিত সকল ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট বয়কট করবে ইউরোপের দেশগুলো।

ফুটবল বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি পাস হলে আসন্ন বিশ্বকাপ প্লে-অফ ম্যাচগুলোতেই এই বয়কটের প্রাথমিক প্রভাব পড়তে পারে। ফিফা ও উয়েফার এই দ্বিমুখী সংঘাত দ্রুত সমাধান না হলে বিশ্ব ফুটবলের প্রশাসনিক ও প্রতিযোগিতা কাঠামোয় বড় ধরনের অনিশ্চয়তা ও সংকট তৈরি হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন