আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর রয়েছে ফিফা উইন্ডো। সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই সময়কে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা উইন্ডোতে তিন বা চার জাতির ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টায় রয়েছে বাংলাদেশ। আর সেখানেই নতুন দুই প্রবাসী ফুটবলার—ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিমকে খেলানোর পরিকল্পনা বাফুফের। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের দল আরো শক্তিশালী করে গড়ে তুলতে প্রধান কোচ থমাস ডুলির হাতে নতুন পাঁচ প্রবাসী ফুটবলারের একটি তালিকা দিয়েছে বাফুফে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে করবেন ডুলি, তাকেই জাতীয় দলে খেলানোর জন্য সব কাগজপত্র চূড়ান্ত করছে ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে ফিফা উইন্ডোতে ওয়াহিদ ও হাকিমকে দলে চেয়েছেন কোচ। তাই এই দুই ফুটবলারের কাগজপত্র নিয়ে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘আশা করি, আমরা এই দুজনকেই ফিফা উইন্ডোতে পাব। তাদের খেলানোর জন্য প্রক্রিয়া শুরু করেছি আমরা। ইতোমধ্যে ফারহানের জন্মনিবন্ধন হয়ে গেছে। এখন বায়োমেট্রিকটা শুধু বাকি। আগামী আগস্টের মধ্যেই তার পাসপোর্ট হয়ে যাবে। আর জায়ান হাকিমের ব্যাপারে কাজ শুরু হয়েছে।’
ইংলিশ লিগে ক্লাব ফুলহামের হয়ে অভিষেকের অপেক্ষায় ফারহান। ইতোমধ্যে ক্লাবটির হয়ে প্রাক-মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলেছেন ১৯ বছর বয়সি বাংলাদেশি এই বংশোদ্ভূত উইঙ্গার। তার বাবা-মা সিলেটের হলেও জন্ম ইংল্যান্ডে। দাদা-নানা বাংলাদেশি হওয়ার সূত্র ধরেই ফারহানকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরেই ঘরের মাঠে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার। অন্যদিকে, নানা বাংলাদেশি (বাড়ি নোয়াখালী) হওয়ার সূত্র ধরেই বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন জায়ান হাকিম। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলছেন তিনি। তবে বাংলাদেশের হয়ে খেললেও ফিফার বাধা নেই তার। ২৭ বছর বয়সি এই সেন্টার ফরোয়ার্ড খেলেন ইংল্যান্ডের অস্টম টায়ারের ক্লাব অ্যান্সটে নোম্যাডেসের হয়ে। বাংলাদেশ জাতীয় দলে নাম্বার নাইন পজিশনে নিয়ে বহু দিনের আক্ষেপটা এই জায়ান হাকিমকে দিয়েই ঘুচাতে চায় বাফুফে। ফাহাদ করিম জানালেন, এই দুই ফুটবলারের ব্যাপারে ফিফা ও এএফসির কাছ থেকে ছাড়পত্র পেতে অনানুষ্ঠানিক ছাড়পত্র পাওয়া গেছে। পুরো প্রক্রিয়ায় অন্তত দুই মাস লাগতে পারে। তবে ৪৫ দিনের মধ্যেই প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নতুন প্রবাসী ফুটবলারের অপেক্ষায় বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

