আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

শিরোপা জিততে চান সুলিভান ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার

শিরোপা জিততে চান সুলিভান ব্রাদার্স

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। ২০২৪ সালে প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল তারা। সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। এবার সেমিফাইনালে দুদল মুখোমুখি হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ১ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। এই ম্যাচে নেপালকে হারিয়ে শুধু ফাইনালের টিকিট নিশ্চিত করাই নয়, শিরোপা জিততে চান যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সহোদর ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে আজ সুইমিং আর রিকভারি সেশন করেছেন তারা।

আজ বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ডেকলান সুলিভান জানান, ‘একটা কঠিন ও বড় ম্যাচের পর শরীরটাকে একটু সতেজ করে নেওয়া ভালো। আমাদের লড়াই থামবে না। পরের ম্যাচে আমাদের জিততেই হবে এবং তারপর পুরো টুর্নামেন্টটাই আমাদের জিততে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

ভারতের বিপক্ষে গত ম্যাচে রক্ষণভাগ অনেক ভুল করেছে। রক্ষণ ভাগের জন্য ভালো সমাধান হতে পারেন ১৮ বছর বয়সি ডিফেন্ডার ডেকলান। অন্যদিকে, টুর্নামেন্টে জয়ের ব্যাপারে আশাবাদী ইব্রাহীম হাসিব নেওয়াজও। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯০ মিনিটের মাথায় নামানো হয় তাকে। আর ভারতের বিপক্ষে ইব্রাহীম বেঞ্চেই বসে সময় কাটান। ইংল্যান্ডের ক্লাব ওয়ালটন অ্যান্ড হারশাম এফসির এই মিডফিল্ডার বলেছেন, তারা সময়টা উপভোগ করছেন।

অন্যদিকে, এখনই শিরোপা নিয়ে ভাবছেন না গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। সেমিফাইনালে নেপালকে হারানোর দিকেই সব মনোযোগ তার। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন