ফেডারেশন কাপ

জয়ে শুরু মোহামেডান ও কিংসের

জয়ে শুরু মোহামেডান ও কিংসের
সুলেমান দিয়াবাতের গোল উদযাপন- ফাইল ছবি

জয় দিয়ে ফেডারেশন কাপ শুরু করল মোহামেডান ও বসুন্ধরা কিংস। আজ গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মোহামেডান। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অপর ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। একই দিনে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অন্য ম্যাচে পুলিশ এফসি ও সিটি ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

বিজ্ঞাপন

ফকিরাপুলের বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে বাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুম শুরু করে মোহামেডান। এবার ফেডারেশন কাপের শুরুটাও দারুণ হলো তাদের। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল তারা। তবে আরামবাগের বিপক্ষে শুরুটা ভালো ছিল না মোহামেডানের। খেলার ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। আরামবাগের ঘানার মিডফিল্ডার সুরাজ রাইয়িস গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন। প্রথমার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি মোহামেডান। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা। এতে সফলও হয় সাদা-কালো জার্সিধারীরা। ৫৭ মিনিটে মোহামেডানকে ১-১ সমতায় ফেরান সৌরভ দেওয়ান। এরপর আরো দুটি গোল করে তারা। ৭৪ মিনিটে মোহাম্মদ সোহেল রানা গোল করে মোহামেডানকে এগিয়ে দেন। যোগ করা সময়ে সুলেমান দিয়াবাতের গোলে স্কোর লাইন ৩-১ করে মোহামেডান। পুরো ম্যাচে সমান তালে লড়াই করলেও অন টার্গেটে দুটির বেশি শট নিতে পারেনি আরামবাগ। যেখানে ৮টি শট নিয়েছে মোহামেডান।

অন্যদিকে লিগে আরামবাগের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে নতুন মৌসুম শুরু করে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে ফেডারেশন কাপের শুরুটা ভালো হয়েছে তাদের। ‘বি’ গ্রুপে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে তারা। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় কিংস। তবে খেলার প্রথমার্ধে তারা কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে পাঁচটি গোল করে কিংস। ৪৭ মিনিটে রবিনহোর গোলে কিংসের আনন্দোৎসব শুরু হয়। এরপর দলের হয়ে জোড়া গোল করেন মিডফিল্ডার সাব্বির হোসেন। বাকি দুটি গোল করেন আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ। পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল কিংসের। তাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়েছে ওয়ান্ডারার্স। ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নেয় কিংস। এর মধ্যে অন টার্গেটে ছিল সাতটি শট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন