লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড—ইতিহাসের পাতায় কতশতবার যে মুখোমুখি হয়েছে দুই জায়ান্ট। তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু খুব কমবারই এমন বিপরীত বাস্তবতায় দাঁড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৩০ মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুদল যখন অ্যানফিল্ডে নামবে, তখন পয়েন্ট টেবিলের দূরত্বটাই বলে দেবে সংকটের গভীরতা। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল চতুর্থ স্থানে থেকে শীর্ষ চারে জায়গা পোক্ত করার লড়াইয়ে ব্যস্ত; বিপরীতে সমান ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে খাবি খাচ্ছে রেড ডেভিলরা—অর্থাৎ রেলিগেশন জোনে ধুঁকছে ইউনাইটেড।
১৯৮৬ সালের পর মৌসুমের এই পর্বে এমন করুণ অবস্থায় পড়ে মাইকেল ক্যারিককে বিদায় জানিয়ে মরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দিয়েছে ইউনাইটেড। শেষ আট লিগ ম্যাচে জয়হীন (৫ ড্র, ৩ হার) এবং সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র করা দলটিকে নিয়ে অভিষেকেই অ্যানফিল্ডের বৈরী পরিবেশে নামছেন এই আর্জেন্টাইন কোচ। অন্যদিকে আন্দোনি ইরাওলার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের ছয়টিতেই জিতেছে লিভারপুল; ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। যদিও চলতি মৌসুমে ঘরের মাঠে লিগের ফর্ম কিছুটা অম্লমধুর হওয়ায় নিজেদের মাঠ অ্যানফিল্ডে জয় তুলে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
দলীয় খবর দুই শিবিরে মিশ্র বার্তা দিচ্ছে। লিভারপুলের জন্য স্বস্তির খবর হলো চোট সারিয়ে অধিনায়ক ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবার্চ ও জেরেমি ফ্রিম্পং ফিরেছেন, ফিট আছেন ডমিনিক সোবোসলাইও; তবে হুগো একিতিকে, কনর ব্র্যাডলি ও জিওভান্নি লিওনি দীর্ঘ দিন ধরে চোটের কারণে বাইরে। ইউনাইটেডের রক্ষণে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লিসান্দ্রো মার্টিনেজ, অনুশীলনে ফিরেছেন হ্যারি ম্যাগুয়ার ও প্যাট্রিক ডরগু; কিন্তু লুক শ ও মার্কাস রাশফোর্ডের খেলা অনিশ্চিত এবং বেঞ্জামিন সেসকো, কার্লোস বালেবা ও ম্যানুয়েল উগার্তে চোটে আক্রান্ত।
সব মিলিয়ে ২১৮ দেখায় ইউনাইটেডের ৮৫ জয়ের বিপরীতে লিভারপুলের জয় ৭২টি। তবু সাম্প্রতিক অতীতের স্মৃতি ইউনাইটেডকে সাহস জোগাতে পারে—গত মৌসুমে লিগের দুই ম্যাচেই (অ্যানফিল্ডে ২-১ ও ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২) জিতেছিল তারা। ম্যাক অ্যালিস্টার-সোবোসলাই বনাম ব্রুনো ফার্নান্দেস-মাইনুর মাঝমাঠের লড়াই এবং মার্টিনেজের সামনে উইর্টজ-ইসাকদের ঠেকানোর পরীক্ষা—সব মিলিয়ে ‘নর্থওয়েস্ট ডার্বি’টি জমজমাট রূপ নেওয়ার অপেক্ষায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

