মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাদারীপুরে এনসিপির জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি জেলা শাখা।

বিজ্ঞাপন

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এনসিপি নেতারা বলেন, গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশ দিয়ে ইয়াজ্জেম হোসেন রোমান যাচ্ছিলেন। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ইয়াজ্জেম হোসেন রোমান ২১ নভেম্বর শিবচর থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগ অনুযায়ী, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি সরে যাওয়ায় গুলি শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়ার পরও দ্রুত মামলা গ্রহণ না করা হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে। তাই অভিযোগটি তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব লায়ন আলমগীর হোসেন, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলার আহ্বায়ক রিশাদ রাব্বি, সদস্য সচিব তৌহিদ আমিন এবং জাতীয় ছাত্রশক্তি মাদারীপুর জেলার আরিয়ান সায়েম প্রমুখ।

অভিযোগের বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে শিবচর থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...