গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। রোববার সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। পরে আসপাডা মোড় ও ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন।
বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় পাঁচ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকেরা মহাসড়কের পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান।
একপর্যায়ে শ্রমিকেরা আসপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তাদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়লে শ্রমিকরা সেখান থেকে সরে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দুপুর ১২টার দিকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের আরবেলা ফ্যাশন কারখানার শ্রমিকেরা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কয়েকটি দোকানের শাটার ভাঙচুরের ঘটনা ঘটে। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, শ্রমিকরা তাদের দাবি নিয়ে প্রায় ১০ মিনিট মহাসড়কে অবস্থান করেছিলেন। পরে তারা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

