আগামী ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। ঐতিহাসিক এ টুর্নামেন্টের জন্য নারী দলের প্রস্তুতির কোনো কমতি রাখছে না ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে থাইল্যান্ডে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জর্ডানকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন আফঈদা খন্দকাররা। মামুনি চাকমা ও সুরভী আকন্দ প্রীতি গোল পেয়েছেন। ক্লোজ ডোর ম্যাচ হওয়ায় ফল প্রকাশ করেছে বাফুফে। নারী দলকে উজ্জীবিত রাখতে থাইল্যান্ডে আছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম। টুর্নামেন্টের উদ্বোধনী দিন থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী দলের মিশন শুরু হবে। এরপর ৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। তাদের শেষ ম্যাচ ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে।
এই আসর থেকেও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে অংশ নেওয়া দলগুলোর। এশিয়ান কাপ থেকে চারটি দল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে। অর্থাৎ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

