আগামী ৩০ এপ্রিল ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাই নতুন কোচের খোঁজে রয়েছে বাফুফে। এরই মধ্যে প্রধান কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ফুটবল ফেডারেশন। ওই বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে আবেদন করেছেন অনেকেই।
দেশি কোচদের মধ্যে জুলফিকার মাহমুদ মিন্টু ও মারুফুল হকের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। অতীতে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন মারুফুল। তবে এবার প্রধান কোচের পদে আবেদন করেননি বলে আমার দেশকে জানান তিনি। মারুফুল বলেন, ‘আমি জাতীয় দলের কোচের পদে কোনো আবেদন করেনি।’
মারুফুল আগ্রহী না হলেও জুলফিকার মাহমুদ মিন্টু জাতীয় দলের প্রধান কোচ হতে বাফুফেতে আবেদন করেছেন। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। আমার দেশকে মিন্টু বলেন, ‘হ্যাঁ, আমি জাতীয় দলের কোচের পদে আবেদন করেছি। বাফুফে যে যোগ্যতা চেয়েছে, আমি সেগুলো পূরণ করেই আবেদন করেছি। অনূর্ধ্ব-২০ ও জাতীয় দলের কোচের জন্যও আবেদন করেছি। এখন বাফুফেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
অন্যদিকে সম্প্রতি মোহামেডান ক্লাব বরখাস্ত করেছে কোচ আলফাজ আহমেদকে। জাতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না জানতে চাইলে আলফাজ বলেন, ‘আমার প্রো-লাইসেন্স নেই। এ লাইসেন্স পাওয়ার জন্য সামনে কাজ করব। তবে বাফুফে চাইলে আমি সহকারী কোচের দায়িত্ব পালনের জন্য আগ্রহী।’
আগামী ৫ জুন ইউরোপের দেশ সান ম্যারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ রয়েছে। এ ম্যাচ সামনে রেখে নতুন কোচ চূড়ান্ত করবে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

