মাদক, সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠন এবং সর্বস্তরের মানুষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের হৃদয়ের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবার এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। এদেশের মানুষ বিএনপিকে নিরাপদ আশ্রয় মনে করে বলেই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয় দিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেছে। বর্তমান সরকার কোনো রক্তচক্ষুকে ভয় করে না, জনগণ ও দেশের স্বার্থে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো ঐক্যবদ্ধ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও যুবদলসহ দলের সব স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজম খান, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, সগীর, মেহেদী হাসান টিপু, ছালেহ উদ্দীন সুমন, ওবায়দুল হক রাফেল, মাজহারুল হক তৌহিদ ও ফরহাদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি সব সময় জনগণের দল হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার ও সেবায় নিয়োজিত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

