হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

বাবা ফুটবল দুনিয়ার একজন কিংবদন্তি। যিনি কিনা নিজেকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। নিজের নামের সঙ্গে ছেলে বইয়ে বেয়ে চলেছেন বাবার নামের মহিমা। কিন্তু লুকা জিদান সব সময় গড়তে চেয়েছেন নিজের আলাদা একটা পরিচয়। নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন গোলপোস্টের নিচে। স্বপ্ন বুনছিলেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার। কিন্তু তার সেই স্বপ্নের চলার পথে হঠাৎই বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে চোট।
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে চোট পেয়েছেন। ইনজুরি গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন গ্রানাডার এই গোলরক্ষক। আর এই ইনজুরির কারণে এখন পেন্ডুলামে দুলছে তার বিশ্বকাপভাগ্য।


গত রোববার আলমেরিয়ার স্ট্রাইকার থ্যালিসের সঙ্গে এক ভয়ানক ধাক্কা খান লুকা। এমনিতেই মাঠ ছাড়তেই বাধ্য হননি, কেননা তার আগে হয়ে পড়েছিলেন অজ্ঞানও। তবে দুশ্চিন্তার কালোর মেঘ আরো ঘনীভূত করেছে মেডিকেল প্রতিবেদন। গ্রানাডার ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লুকা জিদানের চোয়াল ও থুতনির হাড়ে ফাটল ধরেছে।

বিজ্ঞাপন


গোলরক্ষক লুকার অবস্থা এখন বেশ জটিল। ক্লাব জানিয়েছে, এখন এই মৌসুমের বাকি সময়টা তাকে মাঠের বাইরে দর্শক হয়েই থাকতে হবে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে পুনর্বাসন প্রক্রিয়া হবে আরো দীর্ঘায়িত। বর্তমানে লুকা এবং ক্লাবের চিকিৎসকরা মিলে পরবর্তী চিকিৎসা নিয়ে আলোচনা সেরে নিচ্ছেন। অস্ত্রোপচার প্রয়োজন আছে কি না, তা জানা যাবে দ্রুতই।


লুকা চোটে পড়ায় গ্রানাডার চেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে আলজেরিয়া ফুটবল দল। কিংবদন্তি জিনেদিন জিদান বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সের জার্সিতে। কিন্তু তার তনয় লুকা গায়ে জড়িয়েছেন তার দাদা-দাদির দেশ আলজেরিয়ার জার্সি। গত বছর আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার হয়ে খেলেছেন। দলের পাঁচ ম্যাচের চারটিতেই ২৭ বছর বয়সী এ ফুটবলার ছিলেন গোলবার সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্বে। গত মাসে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আলজেরিয়া। সেই প্রীতি ম্যাচেও পুরো ৯০ মিনিট গোলপোস্ট সামলেছে তার বিশ্বস্ত দুই হাত।


আলজেরিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটি হবে আগামী ১৬ জুন কানসাস সিটিতে। লিওনেল মেসিদের রুখতে আলজেরিয়া যখন ছক কষে যাচ্ছে, ঠিক তখনই দলের রক্ষণ দেয়ালে চির ধরল। বিশ্বকাপের আগে আলজেরিয়ার জন্য অস্বস্তির খবরটা বড় এক ধাক্কাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন