সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে জয়ের পাশাপাশি দলগত পারফরম্যান্সের গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার ওপরই বেশি নির্ভরশীল। তার মতে, মাঠে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় আরও উন্নত হওয়া প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, ম্যাচে ভালো খেলেও রোনানকে আরও বেশি সুযোগ দেওয়া যেত। তবে দলীয় কম্বিনেশন ও যোগাযোগে কিছু ঘাটতি ছিল বলেও মনে করেন তিনি।
একই সঙ্গে খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, স্থানীয় কিংবা প্রবাসী—যে পরিচয়েরই হোক না কেন, জাতীয় দলের জার্সি গায়ে তুললে সবাই সমানভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই একে অপরের ওপর আস্থা রেখে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পতাকা ও দলের স্বার্থ যেন সবসময় ব্যক্তিগত অর্জনের ঊর্ধ্বে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে এই মানসিকতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

