সিরিয়া ও উজবেকিস্তানের কাছে হারের পর ভারতের বিপক্ষেও একই পরিণতি। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন হার নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
মালদ্বীপে কয়েক মাস আগে এই ভারতকেই হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যের আত্মবিশ্বাস নিয়েই উজবেকিস্তানে গিয়েছিল দলটি। কিন্তু এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। প্রথমার্ধে এক গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খায়। পুরো ম্যাচে ভারতই ছিল নিয়ন্ত্রণে, তৈরি করেছে একাধিক গোলের সুযোগ।
কোচ পরিবর্তনেও বদলায়নি দলের চিত্র। সিরিয়ার কাছে হারের পর ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বিদায় করে বাফুফে। ভারতের বিপক্ষে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর অধীনে মাঠে নামে বাংলাদেশ। তবু ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।
তিন ম্যাচে বাংলাদেশের গোলের খাতা রইল শূন্য। বিপরীতে প্রতিপক্ষের বল জালে জড়িয়েছে আটবার। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয়ে যুব এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ তো মেলেইনি, উল্টো চার দলের গ্রুপে শেষ অবস্থান হয়েছে তলানিতে।
এর সঙ্গে যোগ হয়েছে মাঠের বাইরের অস্থিরতাও। জেরার্ড জোন্স ও মিশুর দ্বন্দ্ব, এমনকি হাতাহাতি পর্যন্ত গড়ানো পরিস্থিতি ঘিরে কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় ছিল অনূর্ধ্ব-২০ দল। শেষ পর্যন্ত কোচ বদলালেও মাঠের ব্যর্থতা কাটেনি। আগামীবার সরাসরি বাছাইয়ে খেলার সুযোগ নিয়েও এখন অনিশ্চয়তায় বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

