ফিফার মার্চ আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ফুটবল বিশ্বের পরাশক্তি দলগুলো। দুটি করে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। গুরুত্বপূর্ণ এই সময়ে চোটের ধাক্কা লেগেছে দুই দলেই।
সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দল। অন্যদিকে আর্জেন্টিনার সূচি নির্ধারণে ছিল নানা জটিলতা। স্পেনের সঙ্গে ফিনালিসিমা এবং কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর গুয়াতেমালার সঙ্গে নির্ধারিত ম্যাচও ফিফার অনুমতি না মেলায় স্থগিত হয়। শেষ পর্যন্ত আফ্রিকার জাম্বিয়া ও মৌরিতানিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ঠিক করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটিই তাদের শেষ ম্যাচ।
স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনায় দুটি পরিবর্তন আনতে হয়েছে চোটের কারণে। গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে ডাকা হয়েছে নাহুয়েল মোলিনাকে। লিওনার্দো বালের্দির চোটের কারণে তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন লুকাস মার্টিনেজ কুয়ার্তা।
ব্রাজিল শিবিরেও এসেছে একই ধরনের দুঃসংবাদ। কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত দলে থাকা গ্যাব্রিয়েল মাগালায়েস চোটের কারণে ছিটকে গেছেন। আর্সেনালের এই ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইংলিশ লিগ কাপের ফাইনালে ডান পায়ে আঘাত পান।
এ বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে গ্যাব্রিয়েল মাগালায়েস ছিটকে গেছেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপ ফাইনালের পর ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, ফিফার আন্তর্জাতিক বিরতিতে খেলার মতো ফিট নন মাগালায়েস। তার বদলি হিসেবে কাউকে ডাকা হবে না।’
সব মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচগুলোর আগে চোটের ধাক্কা দুই পরাশক্তি দলকেই কিছুটা চাপে ফেলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কাটিয়ে তারা কেমন পারফরম্যান্স দেখাতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

