ফেডারেশন কাপ

নাটকীয়তার পর কিংস অ্যারেনায় ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

নাটকীয়তার পর কিংস অ্যারেনায় ফাইনাল আজ

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত আজ বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল। বিকাল সাড়ে ৫টায় টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ১২তম বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিততে মাঠে নামবে মোহামেডান। আর কিংসের পঞ্চমবার শিরোপা জয়ের হাতছানি। এবার জিততে পারলে ফেডারেশন কাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে কিংস। প্রত্যাশা করা হচ্ছে, দুদলের ফাইনাল ম্যাচটি বাড়তি উত্তাপ ও উত্তেজনার ঝাঁঝ ছড়াবে।

ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি গতকালই হওয়ার কথা ছিল। কিন্তু অতীতে কিংস অ্যারেনায় খেলে বাজে অভিজ্ঞতা হয়েছে তাদের। তাই সেখানে ফাইনাল ম্যাচ না খেলার ব্যাপারে অনড় ছিল মোহামেডান ক্লাব। এ নিয়ে তৈরি হয় জটিলতা। ফাইনালিস্ট দুই ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করার চেষ্টা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতে কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তেই অটল ছিল মোহামেডান।

বিজ্ঞাপন

এতে গতকাল অভিমান করে কিংস বলেছিল, ফাইনাল না খেলে ট্রফিটা যেন মোহামেডানকে দিয়ে দেওয়া হয়! তবে গতকাল আরেক দফা আলোচনা শেষে কিংস অ্যারেনাতেই ফাইনাল ম্যাচটি খেলতে মোহামেডানকে রাজি করালেন বাফুফে সভাপতি। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় মোহামেডান। কিংসের মাঠে কোনো ধরনের অবিচারের শিকার হবেন না তারা।

তাছাড়া কিংস অ্যারেনায় অন্য কোনো সমস্যা যাতে না হয় এবং একদিন ম্যাচ পেছানোর শর্তে খেলতে রাজি হয়েছে মোহামেডান। জটিলতার অবসান হওয়ার পর বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের খেলা অনিবার্য কারণবশত মাঠে গড়ায়নি। আজ বুধবার পূর্বনির্ধারিত সময়েই কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন