বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস পরও টুর্নামেন্টের সেরা ফুটবলার কে ছিলেন, সেই আলোচনা থামছে না। এবার সেই বিতর্কে নতুন করে ঘি ঢাললেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। তাঁর মতে, বিশ্বকাপের সেরা ফুটবলার ছিলেন লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল ওঠে স্পেন অধিনায়ক রদ্রির হাতে। তবে সেই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই শুরু হয় বিতর্ক। অনেকের দাবি ছিল, ব্যক্তিগত পারফরম্যান্স ও দলের ওপর প্রভাবের বিচারে মেসিই ছিলেন টুর্নামেন্টের সেরা।
৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমেও মেসি ছিলেন আর্জেন্টিনার অন্যতম প্রধান ভরসা। পুরো আসরে তিনি করেন ৮ গোল, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও নিয়মিতই দলকে পথ দেখিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সেমিফাইনালে গোলের দেখা না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে ম্যাচের গতিপথে বড় প্রভাব রাখেন মেসি। এর আগেও মিশর, কেপ ভার্দেসহ বিভিন্ন ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এত কিছুর পরও ব্যক্তিগত দুটি বড় পুরস্কারের কোনোটিই পাননি তিনি।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন কিলিয়ান এমবাপে। ১০ গোল করে মেসিকে ছাড়িয়ে যান ফরাসি তারকা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রদ্রি। বিশ্বকাপের বিচারকদের মতে, স্পেনের শিরোপা জয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদানই গোল্ডেন বল জয়ের অন্যতম কারণ।
ফাইনালের ঠিক দুই মাস পর সেই পুরোনো বিতর্কই আবার সামনে নিয়ে এলেন ইয়ামাল। ‘মোভিস্টার ইউনিভার্স ভালদানো’ অনুষ্ঠানে স্প্যানিশ তারকা সরাসরি মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেন।
ইয়ামালের ভাষায়, “যদিও সবাই জানে, মেসি সবার সেরা। তবু মনে হয় না কেউ এই ধরনের লেজেন্ডারি পারফরম্যান্সের আশা করেছিল। আর্জেন্টিনায় ভালো ভালো ফুটবলার আছে। তবে মেসি সবাইকে ছাড়িয়ে গেছে। আমার কাছে, মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা ফুটবলার।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

