জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরো গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বরিশালে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী, ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জন্ম ও মৃত্যু নিবন্ধনকে আরো সহজ, দ্রুত, নির্ভুল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী। এ সময় তিনি বলেন, কার্যকর সিআরভিএস ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনসংখ্যার সঠিক পরিসংখ্যান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, জাতীয় পরিচয় ও বিভিন্ন সরকারি সেবা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
মিজ্ ফারাহ শাম্মী আরো বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা দেশের জনসংখ্যার পরিবর্তন, জন্ম ও মৃত্যুর প্রবণতা এবং মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এসব তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, স্বাস্থ্যনীতি নির্ধারণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ, বিভিন্ন সরকারি সেবা প্রদান এবং জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ অধিক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সমন্বয় জোরদার করতে হবে। কোনো নাগরিক যেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মিজ্ মুর্শিদা শারমিন, বরিশাল স্থানীয় সরকারের পরিচালক মো. আহসান হাবিব বক্তৃতা করেন।
সেমিনারে বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকারসহ বিভাগের সকল জেলা প্রশাসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

