বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ১৫ মে ফুটবল দলের নতুন কোচের নাম ঘোষণা করবেন তারা। কিন্তু এখনো কোচ নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে কর্তারা। তাই নতুন কোচের নাম ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। মোটা অঙ্কের অর্থ খরচ করে কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা ভুগছে বাফুফে।
কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো দুই-তিন দিন লাগবে বলে আমার দেশকে জানান বাফুফে সদস্য ইকবাল হোসেন। কোচ নিয়োগের জন্য যাচাই-বাছাই কমিটিতে থাকা এই সদস্য বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আপনারা নতুন কোচের নাম জানতে পারবেন।’
এদিকে নতুন কোচ নিয়োগের ব্যাপারে আজ ব্যাডমিন্টন লিগ উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী দুই বছরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে ম্যাচগুলো রয়েছে, সেগুলো বিচার-বিশ্লেষণ করেই কোচ নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।
ব্যয়বহুল কোচ নিয়োগ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্পোর্টস এমন একটি জায়গা যে, রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে বা আমি যাদের আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাব বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে, রাতারাতি কখনোই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

