আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ভারতের কেরালায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন ঘিরে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সফরসূচি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আবদুর রহিমান অভিযোগ তুলেছেন, অর্থ গ্রহণের পরও নির্ধারিত ম্যাচ খেলতে না এসে আর্জেন্টিনা দল এবং তাদের তারকা লিওনেল মেসি কেরালার সঙ্গে প্রতারণা করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে মন্ত্রী জানান, আর্জেন্টিনা দলকে কেরালায় এনে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এই আয়োজন বাস্তবায়নের জন্য স্পনসরদের কাছ থেকে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২৯ কোটি টাকা) সংগ্রহ করা হয়। তবে সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত হওয়ার পরও নির্ধারিত সময় অনুযায়ী দলটি কেরালায় না আসায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আবদুর রহিমানের ভাষায়, “আর্জেন্টিনা দলকে কেরালায় আনার বিষয়ে আমি বহুবার আলোচনা করেছি। আন্তর্জাতিক মানের একটি দলকে আনতে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করাও সহজ ছিল না। কিন্তু টাকা নেওয়ার পরও তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি।”

তিনি আরও দাবি করেন, শুধু কেরালাই নয়—অন্যান্য কয়েকটি দেশেও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে, যেখানে অর্থ গ্রহণের পরও ম্যাচ আয়োজন করা হয়নি। এই প্রেক্ষাপটে তিনি ইঙ্গিত দিয়েছেন আইনি পদক্ষেপের দিকেও। তার মতে, “এটা এমন পরিস্থিতি যেখানে মামলা করা ছাড়া উপায় নেই। আমাদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে।”

কেরালার ক্রীড়ামন্ত্রী জানান, এই ম্যাচ আয়োজন নিয়ে তিনি ব্যক্তিগতভাবেও বেশ আগ্রহী ছিলেন। দীর্ঘদিন ধরে রাজ্যের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা ও মেসিকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় তাদের আবেগে আঘাত লেগেছে এবং তিনি নিজেও মানসিকভাবে ব্যথিত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে ভারত সফরে লিওনেল মেসি ও তার সফরসঙ্গীরা কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিসহ বিভিন্ন শহরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। তবে কেরালায় নির্ধারিত ম্যাচটি শেষ পর্যন্ত আয়োজন না হওয়াতেই মূলত এই বিতর্কের সূত্রপাত।

ঘটনার পর ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বিশেষ করে অর্থ লেনদেন ও চুক্তি বাস্তবায়ন না হওয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। একইসঙ্গে কেরালার ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, তিনি আগামী বিধানসভা নির্বাচনে তিরুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এলাকার উন্নয়নকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সব মিলিয়ে, আর্জেন্টিনা দলকে ঘিরে কেরালায় যে বিতর্ক শুরু হয়েছে, তা এখন আইনি পদক্ষেপের সম্ভাবনা ছাড়াও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...