বিশ্বকাপ দলে ফিরেই নতুন দুশ্চিন্তা, আবারও চোটে নেইমার

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ দলে ফিরেই নতুন দুশ্চিন্তা, আবারও চোটে নেইমার

দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। কিন্তু জাতীয় দলে ফেরার আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। স্কোয়াড ঘোষণার মাত্র কদিনের মধ্যেই আবারও চোটের খবর সামনে এসেছে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে ঘিরে।

নেইমারের ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছেন, তার পায়ের কাফে হালকা চোট ও ফোলা ভাব রয়েছে। যদিও ইনজুরিটি গুরুতর নয়, তবুও আগামী কদিন তাকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে। ডান পায়ে মাঝারি মাত্রার ফোলার কারণে আপাতত স্বাভাবিক অনুশীলন থেকেও দূরে থাকতে হচ্ছে তাকে।

বিজ্ঞাপন

তবে স্বস্তির খবরও আছে। চিকিৎসক জানিয়েছেন, পুনর্বাসন পরিকল্পনা ঠিকভাবে এগোলে আগামী সপ্তাহেই ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠতে পারেন নেইমার। ২৭ মে গ্রাঞ্জা কোমারিতে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগেই তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে কাজ করছে সান্তোস।

চোটের কারণেই কোপা লিবার্তাদোরেসে সান লরেঞ্জোর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। সান্তোসও এখন তাকে ঝুঁকিতে ফেলতে চায় না। জাতীয় দল ছাড়ার আগে নেইমারের শতভাগ ফিটনেস নিশ্চিত করাকেই অগ্রাধিকার দিচ্ছে ক্লাবটি।

বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার আগে মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, খেলোয়াড়ের সঙ্গে সরাসরি কথা বলার পরই তাকে স্কোয়াডে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন ইতালিয়ান এই কোচ।

ব্রাজিল শিবিরে আপাতত নেইমারের চোট নিয়ে বড় ধরনের আতঙ্ক না থাকলেও তাকে দ্রুত পুরো ফিট করে তোলাটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। সে ম্যাচের আগে সময়ের সঙ্গেই এখন লড়াই করতে হবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...