জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি নাহিদ রানা। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠার কথা তার। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। সে কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টের স্কোয়াডে রাখা হয়নি এই স্পিডস্টারকে।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নাহিদের মতো বিশ্রাম দেয়া হয়েছে চোট থেকে ফেরার পথে থাক তাসকিন আহমেদকে। দুজনকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পুরোপুরি ফিট হিসেবে দলে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি করে দলে এসেছেন তাওহিদ হৃদয়, ফিরেছেন জাকের আলি অনিকও। তাদের ঠাঁই দিতে বাদ পড়েছেন অমিত হাসান। এছাড়া তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে গত জুনে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। তবে এরপর অস্ট্রেলিয়া সফরে ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকায় সাড়ে তিনশো রানের ইনিংস খেলে টেস্টে ফিরলেন ডানহাতি ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অমিতেরও। ছিলেন অস্ট্রেলিয়া সফরে। তার বদলে জাকেরকে ফেরানোর কারণ হিসেবে ‘এ’ দলে ভালো খেলার কথা জানান হাবিবুল।
স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে পাঠানো হচ্ছে অফ-স্পিনার নাঈম হাসান এবং দুই তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে।
৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে একমাত্র এই টেস্টে নামবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

