ক্রিশ্চিয়ানো রোনালদোকে এখন আর আল-নাসরের জন্য প্রয়োজনীয় মনে করছেন না ক্লাবটির সাবেক সৌদি কিংবদন্তি ফাহদ আল-হারিফি। দলের হয়ে পর্তুগিজ তারকা প্রত্যাশিত অবদান রাখতে পারছেন না দাবি করে তাকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল-আইনের কাছে ৪-০ গোলে হারের পর রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করেন আল-হারিফি। ‘দোরিনা ঘাইর’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আল-নাসরের জন্য রোনালদো কোনো বাড়তি অবদান রাখেননি এবং ক্লাবের কাছে তার উপস্থিতির কোনো গুরুত্ব নেই। তাই এখনই তাকে বিদায় করা উচিত।’
বয়স ও পারফরম্যান্সের বিষয়টি সামনে এনে রোনালদোকে অধিনায়ক রেখে দল সাজানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন আল-হারিফি। তার প্রশ্ন, দলের প্রত্যাশা পূরণ না করেও কেন রোনালদোর ওপর ভরসা রাখছে আল-নাসর কর্তৃপক্ষ?
সাবেক এই সৌদি ফুটবলারের ভাষায়, ‘রোনালদো আল-নাসরকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি, এমনকি তার মাধ্যমে ক্লাবের বিপণন বিভাগও লাভবান হচ্ছে না। তাহলে কেন ম্যানেজমেন্ট এখনও কেন তার ওপর ভরসা করে আছে? এমন একজন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় যিনি দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখছেন না, অথচ বিনিময়ে কোনো সুফল ছাড়াই বিপুল পরিমাণ অর্থ নিচ্ছেন।’
আল-হারিফির আরও দাবি, আল-নাসরের দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত লক্ষ্য পূরণেই এখন রোনালদোর মনোযোগ বেশি। পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান পর্তুগিজ তারকা। আর সেই লক্ষ্যেই তিনি দলের শিরোপা জয়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন আল-হারিফি।
রোনালদোর বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আল-হিলালের করিম বেনজেমাকে নিয়ে নেওয়া পদক্ষেপের উদাহরণও টেনেছেন তিনি। আল-হারিফি বলেন, ‘আল-নাসর রোনালদোর চেয়েও বড় একটি ক্লাব। বেনজেমার ক্ষেত্রে আল-হিলাল কী করেছিল তা আমরা দেখেছি। যখন তারা অনুভব করল যে ওই খেলোয়াড়টি প্রত্যাশিত উপযোগিতা দিতে পারছেন না, তখন তারা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পর্তুগিজ এই খেলোয়াড়ের ক্ষেত্রেও আমাদের একই পদক্ষেপ নেওয়া উচিত।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

