আগামী ২৫ মে থেকে ভারতে শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। এ টুর্নামেন্টে অংশ নিতে আজ সকালে থাইল্যান্ড থেকে ভারতের বিমান ধরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প গড়েছিল তারা। সেখানে চূড়ান্তভাবে প্রস্তুত হয়েছে কোচ পিটার বাটলারের দল। তাদের সামনে সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। গত দুই আসরের (২০২২ ও ২০২৪) চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নারী দলের।
সাফের মিশনে যাওয়ার আগে থাইল্যান্ড থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমরা এখানে দুই সপ্তাহ তীব্র গরম ও রোদের মধ্যে অনুশীলন করেছি। সবাই এখন প্রস্তুত। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা।’
তিনি আরো বলেন, ‘শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই আমরা প্রস্তুত। এখানে (থাইল্যান্ডে) যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেগুলো টুর্নামেন্টে আমাদের অনেক সাহায্য করবে।’ দেশবাসীর কাছে সমর্থন প্রত্যাশা করছেন ঋতুপর্ণা।
এদিকে নারী দলের কোচ বাটলার জানান, থাইল্যান্ডে দলের ভালো প্রস্তুতি হয়েছে। সেখান থেকে ইতিবাচক অনেক দিক পাওয়া গেছে। সব মিলে দারুণ ক্যাম্প হয়েছে। এবার সাফে সফল হওয়ার পালা। বাটলারের প্রত্যাশা, আসন্ন টুর্নামেন্টে দল হিসেবে ভালো করবে বাংলাদেশ।
আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

