এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ চোট শঙ্কায় কিলিয়ান এমবাপ্পে। এতে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স—দুদলই পড়েছে দুশ্চিন্তায়, বিশেষ করে সামনে ফিফা বিশ্বকাপ ২০২৬ সালের আসর থাকায় বিষয়টি আরো গুরুত্ব পাচ্ছে। শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে ৮১ মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। অস্বস্তি অনুভব করার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। তার পরিবর্তে মাঠে নামেন গঞ্জালো গার্সিয়া।

ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘এমবাপ্পের কী হয়েছে আমি নিশ্চিত নই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কদিনে তার অবস্থা কী হয় দেখা যাবে।’

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। ফলে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৩ মে এস্পানিওলের বিপক্ষে ম্যাচ এবং এক সপ্তাহ পর এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পেকে ছাড়াই খেলতে হতে পারে রিয়ালকে।

চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করা এমবাপ্পে রিয়ালের আক্রমণভাগের প্রধান ভরসা। তার অনুপস্থিতি তাই দলটির জন্য বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে বিশ্বকাপের আগে ফ্রান্স দলের জন্যও এটি উদ্বেগের বিষয়। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

এদিকে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ফল নিয়েও হতাশা রয়েছে শিবিরে। এ প্রসঙ্গে আরবেলোয়া বলেন, ‘ম্যাচ যখন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তখন এমন ঘটনা ঘটতেই পারে। আর আমরা খুব একটা ভাগ্যবানও ছিলাম না।’ পাশাপাশি একটি পেনাল্টি না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি, ‘ব্রাহিম দিয়াজের শট বেতিস ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ হাতে লাগিয়ে ব্লক করলেও রেফারি পেনাল্টি দেননি। তার হাত বাইরে ছিল, এটা পরিষ্কার পেনাল্টি। এখানে দেখার মতো বেশি কিছু নেই, বিষয়টি একেবারেই স্পষ্ট। এ ধরনের সিদ্ধান্ত ম্যাচে বড় প্রভাব ফেলে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন