হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ছবি: রয়টার্স

হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জব্দ করা যানটি হলো ‘ডাইভ-এলডি’। এটি ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের তৈরি একটি বড় আকারের স্বয়ংক্রিয় পানির নিচের যান (আন্ডারওয়াটার ভেহিকেল)।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯ ফুট (৫ দশমিক ৮ মিটার) দীর্ঘ এই সাবমেরিনটি সমুদ্রতলে মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের কেবল ও পাইপলাইনের মতো অবকাঠামো পরিদর্শনের কাজে ব্যবহার করা যায়।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ডের নৌবাহিনী বলেছে, ‘হরমুজ প্রণালির প্রবেশমুখে আমরা মার্কিন ‘সন্ত্রাসী’ বাহিনীর অন্যতম আধুনিক, বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিন আটক করেছি। এই ডুবোযানটি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।’

তবে ইরানের দাবির জবাবে পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, একটি পানির নিচের ড্রোন এক দিনেরও বেশি সময় আগে বিকল হয়ে গিয়েছিল।

পেন্টাগনের ওই মুখপাত্র বলেন, ‘চলমান সামরিক অভিযানের সহায়তায় এটি আঞ্চলিক জলসীমা পর্যবেক্ষণ করছিল। বিকল হয়ে যাওয়া ড্রোনটি ছিল পুরোনো মডেলের। এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা ছিল না এবং কোনো রাডার সরঞ্জামও ছিল না।’

অ্যান্ডুরিলও তাদের একটি যান হারানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিষ্ঠানটি ঘটনাটির গুরুত্ব কমিয়ে দেখিয়েছে।

অ্যান্ডুরিলের এক মুখপাত্র বলেন, ‘ডাইভ-এলডি একটি ‘অ্যাট্রিটেবল’ স্বয়ংক্রিয় ব্যবস্থা। অর্থাৎ বিপজ্জনক পরিবেশে পরিচালনার বিষয়টি মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে, যেখানে যানটি হারানোর সম্ভাবনাও প্রত্যাশিত।’

সামুদ্রিক বিশাল এলাকাজুড়ে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন শনাক্ত করতে মার্কিন সামরিক বাহিনী পানির নিচে ও পানির ওপর চলাচলকারী চালকবিহীন নৌযানে ব্যাপক বিনিয়োগ করছে। এর লক্ষ্য হলো নাবিকদের ঝুঁকিতে না ফেলে তুলনামূলক কম খরচে এসব কাজ পরিচালনা করা।

অ্যান্ডুরিলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডাইভ-এলডি ঘাঁটিতে ফিরে না গিয়েই সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত পানির নিচে কাজ করতে পারে। এটি সর্বোচ্চ ৬ হাজার মিটার (১৯ হাজার ৭০০ ফুট) গভীরতায় ডুব দেওয়ার জন্য তৈরি। মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্সস্কুপের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রতিটি ডাইভ-এলডির দাম প্রায় ২৫ লাখ মার্কিন ডলার।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন