কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাপ্পু হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নদীতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শুকারঘাট এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
পাপ্পু চিলমারী বাজারপাড়া এলাকার মনির খানের ছেলে এবং জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাপ্পুসহ চার বন্ধু মোটরসাইকেলে করে শুকারঘাট এলাকায় গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে পাপ্পু তলিয়ে যায়। সঙ্গে থাকা তার বন্ধুরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।
খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে সহযোগিতা করে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্কুলছাত্রের নিখোঁজের খবর পেয়ে বিট অফিসারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে দল পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

