সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এ ম্যাচটি। ২০২৪ সালে প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এবার প্রতিপক্ষ ভিন্ন হলেও লক্ষ্য তাদের একটাই, শিরোপা ধরে রাখা। আর প্রথমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের খোঁজে ভারত। এ পর্যন্ত সাফের সব বয়সভিত্তিক টুর্নামেন্ট মিলে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর বাংলাদেশ শিরোপা জিতেছে মাত্র একবার। প্রত্যাশা করা হচ্ছে, দুদলের ফাইনাল ম্যাচটি বাড়তি উত্তাপ-উত্তেজনা ছড়াবে।
অপরাজিত থেকেই বাংলাদেশ ও ভারত ফাইনালে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারায় নেপালকে। আর ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। আর একই গ্রুপে থাকা ভারত ৩-০ গোলে হারায় পাকিস্তান। তবে বাংলাদেশ ও ভারতের গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গ্রুপ পর্বে দুদলের অর্জন সমান ৪ পয়েন্ট। তবে বাংলাদেশের চেয়ে গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে ভারত। এ নিয়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে চতুর্থবারের মতো ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। আগের তিন ফাইনালের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে বাংলাদেশকে টাইব্রেকারে হারায় ভারত। অতীতের রেকর্ড হতাশাজনক হলেও এবার নতুন কিছু করে দেখাতে চায় বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীর কণ্ঠেও শিরোপা জয়ের প্রতিশ্রুতি, ‘আমি বাংলাদেশে বলেছিলাম যে, ভারতের বিপক্ষে খেলতে সব সময় ভালো লাগে আমাদের এবং ওদের হারায় আমরা ট্রফি নিয়ে দেশে আসতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে (আজ) আমাদের ফাইনাল। ডু অর ড্রাই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না। আমি ট্রফির জয়ের পরে বলব।’ যুক্তরাষ্ট্র প্রবাসী দুই সহোদর রোনান ও ডেকলান সুলিভানকে ঘিরেই শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের। মিঠু বলেন, ‘প্রবাসীরা আছেন, দেশী প্লেয়াররা আছেন। সবাই মিলে সব সময় একটা কথা বলছি, আমরা একটা দেশ বাংলাদেশ। তাই বাংলাদেশকে আমরা যখন প্রতিনিধিত্ব করি, বুকের ওপরে যখন আমার ফ্ল্যাগ থাকে, তখন অন্যরকম একটা স্পিড কাজ করে।’ সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ভারত বড় জয় পেলেও সবকিছু মিলিয়ে শিরোপা জিততে প্রস্তুত বাংলাদেশ। তবে ভারতকে সমীহ করেই মাঠে নামছে দল, এমনটাই জানালেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি।’ কক্সের মতে, বাংলাদেশ-ভারত ম্যাচ সব সময় উত্তাপের হয়। শক্তিশালী দল ভারত। তবে তাদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

