আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় সুলিভান ভাইয়েরা

প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান আগামী মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন।

রোববার বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এক ভিডিও বার্তায় জানান, ১৮ বছর বয়সী এই দুই ফুটবলারের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রয়োজনীয় অধিকাংশ ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফাহাদ করিম আরও বলেন, “বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড়কে জাতীয় দলে আনার বিষয়ে আমরা কাজ করছি। সুলিভান ভাইদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়াই শেষ ধাপ।”

বাফুফে সূত্রে জানা গেছে, যমজদের জন্মসনদ সংগ্রহ ও যাচাই-বাছাই শেষ হয়েছে এবং পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে। নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনে শিগগিরই আবেদন জমা দেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের মাঝামাঝি সময়ে তারা ঢাকায় পৌঁছাতে পারেন।

রোনান ও ডেকলান মাতৃসূত্রে বাংলাদেশের প্রতিনিধিত্বের যোগ্যতা অর্জন করেছেন। তাদের নানি বাংলাদেশি বংশোদ্ভূত।

এদিকে সুলিভান পরিবারের সঙ্গে প্রাথমিক যোগাযোগ স্থাপনে সমর্থকগোষ্ঠী সেভ বাংলাদেশ ফুটবল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ফাহাদ করিম।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্কোয়াডে নতুন মাত্রা যোগ করতে পারেন এই যমজ ভ্রাতৃদ্বয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...