উয়েফা নেশনস লিগে একটু আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে ইংল্যান্ড ও স্পেনের। একই গ্রুপে পড়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এই দুই ফাইনালিস্ট। ২০২৪ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০২৩ সালে নেশন্স লিগ জেতা স্পেন গত আসরে ফাইনালে পেনাল্টিতে হার মেনেছিল পর্তুগালের কাছে। তাইতো টমাস টুখেলের কোচিংয়ে ইংল্যান্ডের জন্য গ্রুপটি কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
নেশনস লিগের লিগ পর্বের ড্র হয়েছে বৃহস্পতিবার রাতে। এতে লিগ ‘এ’ এর তিন নম্বর গ্রুপে স্পেন ও ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী হয়েছে ২০২৩ আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। লিগ ‘বি’ থেকে শীর্ষ স্তরে উঠে এসেছে ইংল্যান্ড। চলতি বছরের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে নিজেদের গ্রুপে পেয়েছে তারা।
নেশনস লিগে টানা দ্বিতীয় বছর একই গ্রুপে রয়েছে ফ্রান্স ও ইতালি। লিগ ‘এ’ এর এক নম্বর গ্রুপে তাদের লড়াই হবে বেলজিয়াম ও তুরস্কের বিপক্ষে। দুই নম্বর গ্রুপে সাবেক ফাইনালিস্ট নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জার্মানি। তাদের বিপক্ষে খেলবে প্রতিপক্ষ সার্বিয়া ও গ্রিস। চার নম্বর গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।
২০২৬-২৭ মৌসুমের নেশন্স লিগের গ্রুপ পর্ব মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বরে। লিগ পর্বের খেলা শেষ হবে নভেম্বরে। প্রত্যেক দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের বিপক্ষে খেলবে। লিগ ‘এ’-এর প্রতিটি গ্রুপের সেরা দুদল ২০২৭ সালের মার্চে মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে চার দল জায়গা করে নেবে ফাইনালসে। পরে জুনে চূড়ান্ত পর্ব শেষে জানা যাবে কারা হচ্ছে টুর্নামেন্টের শিরোপাধারী।
কে কোন গ্রুপে
লিগ ‘এ’
গ্রুপ এ-১ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও তুরস্ক
গ্রুপ এ-২ : জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস
গ্রুপ এ-৩ : স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ-৪ : পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস
লিগ ‘বি’
গ্রুপ বি-১ : স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া
গ্রুপ বি-২ : হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া ও উত্তর আয়ারল্যান্ড
গ্রুপ বি-৩ : ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড ও কসোভো
গ্রুপ বি-৪ : পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া ও সুইডেন
লিগ ‘সি’
গ্রুপ সি-১ : আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ ও সান মারিনো
গ্রুপ সি-২ : মন্টিনিগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস ও লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি-৩ : কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস ও মলদোভা
গ্রুপ সি-৪ : আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া ও লুক্সেমবার্গ/মাল্টা
লিগ ‘ডি’
গ্রুপ ডি-১ : লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা ও আন্দোরা
গ্রুপ ডি-২ : লিথুয়ানিয়া, আজারবাইজান ও লিচেনস্টেইন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

