লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনায় এখন উৎসবের আমেজ। তবে এই বিশেষ উপলক্ষকে কেবল উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে নারাজ প্রতিপক্ষ বেনিন। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করতে বদ্ধপরিকর দলটি।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় ম্যাচটি স্বাগতিকদের কাছে যেমন ঐতিহাসিক, তেমনি বেনিনের জন্যও এটি এক অনন্য সুযোগ।
ম্যাচের আগে বেনিনের প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা নিয়ে নানা গুঞ্জন ও অভিযোগ উঠলেও তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন দলটির গোলরক্ষক মার্সেল দানজিনু। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ক্রুগার ইউনাইটেডের এই গোলরক্ষক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বুয়েনস এইরেসে তারা দারুণ আছেন এবং কোনো সমস্যার মুখোমুখি হননি।
মেসির বিপক্ষে খেলার রোমাঞ্চ ও দলের লক্ষ্য নিয়ে দানজিনু বলেন, ‘আমার কাছে এই ম্যাচ অন্য যেকোনো ম্যাচের মতো নয়। আমার মনে হয়, এমন সুযোগ আর আসবে না; কারণ এটি মেসির শেষ ম্যাচ। এটি অত্যন্ত বিশেষ একটি ম্যাচ। তবে আমরা আর্জেন্টিনা ও মেসির জন্য এখানে এলেও ভুলে গেলে চলবে না যে, আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি।’
ম্যাচের ফলাফল নিয়ে বেনিন গোলরক্ষকের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়। তিনি আরো যোগ করেন, ‘আমরা এখানে বেনিনকে রক্ষা করতে এসেছি। এটাই ফুটবল—১১ জনের বিপক্ষে ১১ জন। আমরা জিততে পারি, ড্র করতে পারি কিংবা তারা জিততে পারে। কিন্তু এটাই ফুটবল। আমরা আর্জেন্টিনায় ভ্রমণের জন্য আসিনি, খেলতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।’
বেনিনের এই আত্মবিশ্বাসী মনোভাব পরিষ্কার করে দিচ্ছে যে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে এবং মাঠের লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়তে প্রস্তুত আফ্রিকান দেশটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

