বাংলাদেশ ফুটবল লিগ

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস

স্পোর্টস রিপোর্টার

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস

ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জিততে আজ আবাহনীর বিপক্ষে জয় দরকার ছিল কিংসের। সেই কাঙ্খিত জয় পেয়েছে দলটি। কুমিল্লার মাঠে কিংস ২-০ গোলে হারাল আবাহনীকে। এই জয়ে এক রাউন্ডের খেলা বাকি থাকতে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট অর্জন করে শিরোপা জয় নিশ্চিত করল কিংস। ২০১৮ সালে পেশাদার লিগে আবির্ভাবের পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত আসরে মোহামেডান শিরোপা জিতে নেয়। তবে এক আসর পর আবার শিরোপা জিতল কিংস। অন্যদিকে, ৩৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে রয়েছে আবাহনী ও ফর্টিস এফসি।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ও কিংসের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু থেকেই জমে উঠে। দুদলের আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচে উত্তাপ বাড়ে। কিন্তু গোল পাচ্ছিল না কেউই। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর খেলতে নেমেও গোল আসছিল না। অবশেষে ৭৫ মিনিটে ডেডলক ভাঙে। বহু আকাঙ্খিত গোল পেয়ে যায় কিংস। বক্সের মধ্যে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির সুযোগ পায় দলটি। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এ নিয়ে লিগে তার গোল সংখ্যা হলো- ১৭। এরপর ৭৭ মিনিটে স্কোর লাইন ২-০ করেন সোহেল রানা সিনিয়র। সোহেল রানা জুনিয়রের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের দৃষ্টিনন্দন কোনাকুনি শটে গোল করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

বিজ্ঞাপন

দুই গোল হজমের পর পিছিয়ে পড়া আবাহনী আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে দারুণ জয়ে শিরোপা পুনরুদ্ধারের আনন্দে মেতে উঠে কিংসের খেলোয়াড়রা। তাদের সামনে আরও একটি শিরোপা জয়ের হাতছানি। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে কিংসের প্রতিপক্ষ মোহামেডান। এই ফাইনাল জিততে পারলে চলমান মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতবে কিংস। এরই মধ্যে চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছে দলটি। তাই আরো একবার ট্রেবল শিরোপা জয়ের পথে বসুন্ধরা কিংস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...