সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলকে বরণে শোভাযাত্রা ও সংবর্ধনার আয়োজন

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলকে বরণে শোভাযাত্রা ও সংবর্ধনার আয়োজন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে বরণ করে নিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।

সেখানে আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। দেশের ফুটবলের এই অর্জন উদযাপন করতে সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা ও সংবর্ধনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাফুফে।

উল্লেখ্য, ৩ এপ্রিল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে শেষ শটে গোল করে দলকে জয় এনে দেন রোনান সুলিভান।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন