আবেদনের সুযোগ পাবেন কাবরেরাও

হামজা-জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

হামজা-জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে এ স্প্যানিশ ফুটবল কোচের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। চার বছরের বেশি সময় জামাল ভূঁইয়াদের কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে তেমন কোনো সাফল্য উপহার দিতে পারেননি। যে কারণে তার বিদায়ের দাবি জোরাল হয়েছে গত এক বছর ধরেই। যে কারণে আজ বাফুফের সভায় কোচের চুক্তি ও মেয়াদ নিয়ে আলোচনা করেছে জাতীয় দল কমিটি। সভাতে নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। চাইলে কাবরেরা নিজেও আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

গতকাল সভা শেষে নতুন কোচ সন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়ে জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা কোচের ভালো কোচের সিভি খুঁজব। চাইলে সেও (কাবরেরা) আবেদন করতে পারে। কোচদের সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য বা সেরা মনে হয় তাকে নেওয়া হবে।’

দীর্ঘ চার বছর ধরে কাবরেরা বাংলাদেশ দলে প্রধান কোচ। কিন্তু খেলোয়াড় নির্বাচন, দল গঠন, ম্যাচের রণকৌশল নির্ধারণসহ নানা বিষয়ে বিতর্ক জন্ম দিয়েছেন। ফুটবল-সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ দলকে দেওয়ার মতো অবশিষ্ট আর কিছু নেই কাবরেরার। সভায় কাবরেরার অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ না করে আবারও আবেদন-সাক্ষাৎকারের সুযোগ রেখেছে বাফুফে। আবারও কেন কাবরেরাকে সুযোগ দেওয়া হলো? উত্তরে বাবু বলেন, ‘আমরা তাকে সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’

তবে শোনা যাচ্ছে, হাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ হিসেবে থেকে যেতে চান। এর আগে চুক্তি নবায়নের সময় ফুটবলারদের দিয়ে বাফুফে কর্তাদের কাছে সুপারিশ করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এখনো নানাভাবে যোগাযোগ রেখে যাচ্ছেন ফুটবল কর্তাদের সঙ্গে। ফলে কাবরেরা ফের আবেদন ও সাক্ষাৎকারের সুযোগ পাওয়ায় নতুন কোচ নেওয়ার প্রক্রিয়াটা নিয়ে ধোঁয়াশাই থেকে গেল।

প্রধান কোচের সঙ্গে গোলরক্ষক কোচও নিতে চায় বাফুফে। এ নিয়ে বাবু আরো যোগ করেন, ‘আমরা হেড কোচের মতো গোলরক্ষক কোচও দুই বছর মেয়াদি নিতে চাই। কোচের মতো গোলরক্ষক কোচও একই প্রক্রিয়ায় নেওয়া হবে।’

বিশ্বকাপের আগে জুনের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডোতে বাংলাদেশের মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে খেলার প্রস্তাব রয়েছে। কমিটির সভা শেষে জুন উইন্ডো নিয়ে বাবু বলেন, ‘আমরা থাইল্যান্ড ও মালদ্বীপ নিয়েই কাজ করছি। জুন উইন্ডোতে বাংলাদেশ দল খেলবে এটা নিশ্চিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন