রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

স্পোর্টস ডেস্ক

রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করল আল নাসর। গুরুত্বপূর্ণ ম্যাচে আল আহলিকে ২-০ গোলে হারিয়ে টানা জয়ের ধারা ধরে রেখেছে রিয়াদের ক্লাবটি। আর এ জয়ের রাতে নতুন এক কীর্তি গড়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টানা তিন লিগ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ সুপারস্টার।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণে আধিপত্য দেখালেও গোল পেতে বেশ ভুগতে হয়েছে আল নাসরকে। আল আহলির সংগঠিত রক্ষণ ভাঙতে ৭৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। অবশেষে কর্নার থেকে আসা বলে দারুণ এক হেডে জালের দেখা পান রোনালদো, ভাঙেন দীর্ঘ সময়ের অচলাবস্থা।

বিজ্ঞাপন

এই গোলটি চলতি লিগ মৌসুমে তার ২৫তম। এর মাধ্যমে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টানা তিন লিগ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ সুপারস্টার। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা ৯ বছর এই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ৯৭০-এ, যার মধ্যে ১২৬টি এসেছে আল নাসরের জার্সিতে। তবে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখনো পিছিয়ে আছেন ইভান টোনির চেয়ে দুই গোল কম নিয়ে।

ম্যাচের শেষদিকে জয় নিশ্চিত করে আল নাসর। ৯০তম মিনিটে আল আহলির ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন কিংসলে কোমান। এতে ২-০ ব্যবধানে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।

এই জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে টানা ২০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে আল নাসর। পাশাপাশি ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে তারা। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। আর ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল আহলি।

শিরোপার দৌড়ে এখন স্পষ্টভাবেই এগিয়ে আল নাসর। আর রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সই সে স্বপ্নকে ক্রমেই বাস্তবের দিকে এগিয়ে নিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন