‘একটা ক্ষত ছিল, সেরে গেছে’

‘একটা ক্ষত ছিল, সেরে গেছে’

রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে সময়টা খুব বেশি দীর্ঘ হয়নি জাভি আলোনসোর। প্রত্যাশার ভার নিয়ে দায়িত্ব নিলেও মাত্র সাত মাসের কিছু বেশি সময়ের মধ্যেই বিদায় নিতে হয়েছিল রিয়ালের সাবেক এই খেলোয়াড়কে। তবে সে ব্যর্থতা এখন আর তাকে তাড়িয়ে বেড়ায় না। বরং রিয়াল অধ্যায়কে নিজের ক্যারিয়ারের একটি ‘ক্ষত’ হিসেবে উল্লেখ করে চেলসির নতুন কোচ বলেছেন, সেই ক্ষত এখন পুরোপুরি সেরে গেছে।

প্রাক-মৌসুম সফরে অস্ট্রেলিয়ায় সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘সৌভাগ্যবশত আমার কোচিং ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, সেটিও এখন সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত ও দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছি, তেমনি চেলসির এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।’

বিজ্ঞাপন

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর জানুয়ারিতেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে হয় আলোনসোকে। দায়িত্বে থাকাকালে ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে অভিজ্ঞতাকে ব্যর্থতা নয়, শেখার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছেন ৪৪ বছর বয়সি এই স্প্যানিশ কোচ। আলোনসোর ভাষায়, ‘পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও বিশ্লেষণ করি। নিজের ভুলগুলো খুঁজে দেখেছি এবং ভেবেছি কী করলে আরো ভালো করা যেত। কারণ, সবকিছু পরিকল্পনামতো হয়নি।’

এবার আলোনসোর সামনে নতুন চ্যালেঞ্জ চেলসিকে ঘুরে দাঁড় করানো। নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী আলোনসো। কেন চেলসির প্রস্তাব গ্রহণ করেছেনÑএমন প্রশ্নে তিনি বলেন, ‘এ সিদ্ধান্তটি শুধু মাথা দিয়ে নয়, মন দিয়েও নিয়েছি। আমার মনে হয়েছে ক্লাবের জন্য যেমন সময়টা ঠিক ছিল, আমার জন্যও তেমনি। আমি এটিকে দারুণ একটি সুযোগ হিসেবে দেখেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন