গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ শুরুর আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। আগের ম্যাচে হামজা-ফারহানদের মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্সেই ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে আগ্রহ বেড়ে যায় বহুগুণে। আগের ম্যাচের মতোই দর্শকদের মুখে হাসি ফোটাতেই সেরা একাদশই মাঠে নামান বাংলাদেশ কোচ টমাস ডুলি। বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আসে। চোট পাওয়ায় সাদ উদ্দিন অনুমিতভাবেই একাদশের বাইরে চলে যান। তার জায়গায় একাদশে সুযোগ পান ডিফেন্ডার রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুকি ইতোফুসাকে মাঠে নামেন। গ্রুপ পর্বের ভুটানের বিপক্ষে জয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন ইব্রাহিম। তবে গত শ্রীলংকার ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন শুকি। গোল না পেলেও দারুণ সুযোগ তৈরি করেছিলেন জাপান প্রবাসী এই উইঙ্গার। এবার সেমিফাইনালের মতো ম্যাচে শুকির প্রতি আস্থা রাখেন কোচ। যদিও বাংলাদেশের জার্সি গায়ে এখনও গোলের খাতা খুলতে পারেননি শুকি। গত সেপ্টেম্বরে আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার।

ফাইনালে ওঠার লড়াইয়ে যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে, সেটি আগে থেকেই আভাস ছিল। কেননা ফিফা উইন্ডো থাকায় পাকিস্তান দলে পাঁচ প্রবাসী ফুটবলার যোগ দিয়েছেন। তাতে শক্তি বেড়ে যায় পাকিস্তানের। এই দলের বিপক্ষে আগের ম্যাচের মতোই আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে বাংলাদেশ। গোলেরও সুযোগ তৈরি হয়। তবে পাল্লা দিয়ে লড়াই করার চেষ্টা করে পাকিস্তান। প্রথম মিনিট থেকেই দুদলের ম্যাচটি জমে উঠে। দ্বিতীয় মিনিটেই বাংলাদেশ গোলরক্ষ শ্রাবণের পরীক্ষা নেয় পাকিস্তান দল। আলি ওজাইর মাহমুদের শট ঠেকিয়ে দেন শ্রাবণ। এরপর হামজা ও রাকিবের নৈপুণ্যে আক্রমণে যায় বাংলাদেশ। তবে পাকিস্তানের শক্ত রক্ষণভাগ সেটি প্রতিহত করে। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে কাজেম শাহ শট নিয়েছিলেন। কিন্তু পাকিস্তান গোলরক্ষক ইজাজ বাটের দক্ষতায় গোল হয়নি। ১৬ মিনিটে রাকিবের নেওয়া বাম পায়ের নেওয়া শটে প্রতিপক্ষের খেলোয়াড়ে বল বাধাপ্রাপ্ত হলে কর্নার পায় বাংলাদেশ। কয়েক মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ তৈরি হয়। সেই সুযোগ আসে কর্নারের সুবাদেই। ২৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বক্সের মধ্যে শমিত রিসিভ করে রাকিবকে পাস দেন। কিন্তু রাকিবের বাম পায়ের নেওয়া শটে বল পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পরই পাল্টা আক্রমণে যায় পাকিস্তান। তবে তাদের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে বাংলাদেশ রক্ষণভাগ। তবে ৩২ মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। পাকিস্তানের সামাদ শেহজাদের বাম পায়ের শটে গোল প্রায় হয়েই গিয়েছিল। গোলরক্ষক শ্রাবণ বল আটকাতে পারেননি। ভাগ্যিস, বল পোস্টে লেগে ফিরে যায়। বিরতির আগে ৪১ মিনিটে উইঙ্গার শুকি বামপ্রান্ত দিয়ে দূরপাল্লা শট নিয়েছিলেন।কিন্তু বল গোলপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ফলে গোলশূণ্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন