এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাচ্ছে না আল নাসর। উজবেকিস্তানের তাসখন্দে পাকতাকোরের বিপক্ষে ঘোষিত সফরকারী দলে রাখা হয়নি পর্তুগিজ মহাতারকাকে। তবে তার অনুপস্থিতির কারণ নিরাপত্তাঝুঁকি হলেও ব্যস্ত সূচি ও দীর্ঘ ভ্রমণের ধকলও কিছুটা প্রভাব ফেলেছে। যে কারণে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর পাশাপাশি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও বিশ্রাম দিয়েছেন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু। উজবেকিস্তানে সংবাদ সম্মেলনে কোচ জানিয়েছেন, ম্যাচের চাপ এবং ভ্রমণের ধকল বিবেচনায় গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে ছিলেন রোনালদো। গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল-খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে যান ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড। আর মাত্র ১৫ গোল করলেই ছুঁয়ে ফেলবেন হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক।
এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এশীয় ফুটবলেও প্রভাব ফেলছে। আল নাসরের আগের চ্যাম্পিয়নস লিগ ম্যাচটি আল-ওয়াসল সৌদি আরবে যেতে অস্বীকৃতি জানানোয় স্থগিত হয়েছিল। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর আল নাসরের একটি ম্যাচ শুরুর সময়ও পিছিয়ে দেওয়া হয়েছিল।
এই পরিস্থিতিতে আগামী বছরের এশিয়ান কাপ সৌদি আরবে আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এএফসি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রোনালদোকে ছাড়াই তাই তাসখন্দে নামতে হচ্ছে আল নাসরকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিও এখন এশীয় ফুটবলের আলোচনায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

