যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স নিজ দলের প্রার্থী আবদুল আল-সাইয়েদকে সমর্থন না দিয়ে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তার এই সিদ্ধান্তে উল্টো আরো চাঙা হয়ে উঠেছেন ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদের সমর্থকেরা। দলের মধ্যে বিভক্তি দেখা দিলেও স্টিভেন্সের এমন অবস্থান ডেমোক্র্যাটদের আল-সাইয়েদের পক্ষে আরো ঐক্যবদ্ধ করেছে বলে মনে করা হচ্ছে।
গতকাল মিশিগানের সাউথফিল্ডে আয়োজিত এক সমাবেশে আল-সাইয়েদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্টিভেন্স রিপাবলিকান সিনেট প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়ার পর তাদের প্রচারণায় নতুন গতি এসেছে বলে মন্তব্য করেন সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা।
সমাবেশে উপস্থিত এক ব্যক্তি বলেন, মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে আগ্রহী ডেমোক্র্যাটদের উচিত স্টিভেন্সের এই ‘বিশ্বাসঘাতকতামূলক’ অবস্থান উপেক্ষা করে আল-সাইয়েদকে নির্বাচিত করতে আরো জোরালোভাবে কাজ করা।
এ ছাড়া সমাবেশে অংশ নেওয়া দুই নারীও মনে করেন, রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত স্টিভেন্সের নিজের রাজনৈতিক অবস্থানের জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে আল-সাইয়েদের নির্বাচনি প্রচারশিবির জানিয়েছে, গতকাল এক দিনেই তারা ২৪ লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি টাকা। প্রচারণা শুরুর পর এটিই তাদের এক দিনে সর্বোচ্চ তহবিল সংগ্রহের ঘটনা।
স্টিভেন্সের সমর্থন ঘোষণার পরপরই তহবিল সংগ্রহে এমন সাফল্যকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না আল-সাইয়েদের সমর্থকেরা। তাদের মতে, এই ঘটনা নির্বাচনি প্রচারণায় আল-সাইয়েদের পক্ষে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
সূত্র: বিবিসি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


