‘রোনালদো আগের মতো খেলতে পারেন না’

‘রোনালদো আগের মতো খেলতে পারেন না’

ক্রিশ্চিয়ানো রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মানেন এরিক টেন হাগ। তবে মাঠের পারফরম্যান্সের বিচারে পর্তুগিজ মহাতারকা এখন আর আগের পর্যায়ে নেই বলে মনে করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। তাঁর দাবি, জুভেন্টাস ছাড়ার পর থেকেই রোনালদোর পারফরম্যান্সে পতন শুরু হয়েছে। এমনকি শারীরিক সক্ষমতা ও অনুশীলনের তীব্রতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই ডাচ কোচ।

বিজ্ঞাপন

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে টেন হাগ বলেন, গত সাত-আট বছর ধরে রোনালদো আর আগের মতো পারফর্ম করতে পারছেন না। জুভেন্টাস ছাড়ার পর থেকেই তাঁর সেরা সময় শেষ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদকে এ ক্ষেত্রে কৃতিত্ব দিয়েছেন টেন হাগ। তাঁর মতে, খেলোয়াড়ের পারফরম্যান্সের অবনতি হওয়ার আগেই কখন বিদায় জানাতে হয়, সেটি ভালোভাবে জানে স্প্যানিশ ক্লাবটি।

২০২১ সালে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয়বার যোগ দেন রোনালদো। পরের বছর ক্লাবটির দায়িত্ব নেন টেন হাগ। তবে দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। রোনালদোকে নিয়মিত একাদশের বাইরে রাখতেন এই কোচ। টেন হাগের অভিযোগ, দলের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারছিলেন না পর্তুগিজ তারকা। ব্যথা উপেক্ষা করে অনুশীলন করা, প্রতিদিন সর্বোচ্চ পরিশ্রম করা এবং ফিটনেস ধরে রাখার ক্ষেত্রেও তাঁর ঘাটতি ছিল।

টেন হাগের ভাষায়, প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগের তীব্রতায় খেলতে হলে সর্বোচ্চ ফিটনেস প্রয়োজন। রোনালদো অবশ্য সুযোগ পেলে এখনো গোল করতে পারেন। তবে আগের মতো গতিময় ফুটবলে মানিয়ে নেওয়া তাঁর পক্ষে কঠিন। রোনালদোর ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানালেও টেন হাগের বক্তব্য, কোনো খেলোয়াড়ই ক্লাব বা দলের চেয়ে বড় নন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন