ফিফা বিশ্বকাপ ২০২৬ এখনও শুরুই হয়নি, অথচ এরই মধ্যে টিকিটের আকাশছোঁয়া দামে চমকে উঠেছে ফুটবল বিশ্ব। ফাইনাল ম্যাচের মাত্র একটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে প্রায় ২৩ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা!
ফাইনালটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই। বিক্রির জন্য থাকা এই চারটি টিকিটের আসন নির্ধারণ করা হয়েছে ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে, সিট নম্বর ৩৩ থেকে ৩৬ পর্যন্ত।
এই টিকিটগুলো পাওয়া যাচ্ছে ফিফার অফিসিয়াল রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে। তবে এখানে টিকিটের মূল্য নির্ধারণে সরাসরি নিয়ন্ত্রণ থাকে না ফিফার। ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্ধারিত দামের ওপরই লেনদেন হয়। তবে প্রতিটি টিকিট বিক্রিতে ফিফা ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে ফি নিয়ে থাকে।
এদিকে ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা সাধারণ দর্শকদের নাগালের অনেক বাইরে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনাল ঘিরে এমন চড়া দামের টিকিট ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

