আবাহনীর জন্য ফেডারেশন কাপের গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। এমন সমীকরণের ম্যাচে আজ পিডব্লিউডির কাছে ১-০ গোলে হারল আবাহনী। ফলে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ল গত আসরের রানার্সআপরা। তবে জিতলেও ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠতে পারল না পিডব্লিউডি। কেননা অপর ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করে রহমতগঞ্জ। এতে পিডব্লিউডি ও রহমতগঞ্জের পয়েন্ট দাঁড়ায় সমান ৮ করে। গোল গড়ে এগিয়ে থাকায় পিডব্লিউডিকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে টুর্নামেন্টের শেষ চারে খেলা নিশ্চিত করে রহমতগঞ্জ।
ফেডারেশন কাপের প্লে-অফ পর্বে তিনটি ম্যাচ রয়েছে। ৫ মে এলিমিনেটর ম্যাচে দুই গ্রুপের রানার্সআপ দল রহমতগঞ্জ ও মোহামেডান (‘বি’ গ্রুপের রানার্সআপ) পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার টিকিট নিশ্চিত করবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। একই দিন ‘এ’ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ খেলবে। এই ম্যাচের জয়ী দল ফাইনাল উঠবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে।
বৃষ্টিবিঘ্নিত দিনে কর্দমাক্ত বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে মোহাম্মদ আবদুল্লাহর একমাত্র গোলে আবাহনীকে হারাল পিডব্লিউডি। ম্যাচে আক্রমণে পসরা সাজালেও সফল হতে পারেনি কোচ মারুফুল হকের দল। শেখ মোরসালিন, সুলেমান দিয়াবাতে একের পর এক সুযোগ মিস করেন। রক্ষণ ধরে রেখে ৬৬ মিনিটে পাওয়া গোল আগলে রাখে পিডব্লিউডি। ৩০ মিনিটে বক্সের ভেতর থেকে মোরসালিনের নেওয়া শটে গোল হয়নি। এর আগেও তাদের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বড় ধাক্কা খায় আবাহনী। আবু সাঈদের কাটব্যাক থেকে গোল উপহার দেন আব্দুল্লাহ। বক্সের ভেতর থেকে নেওয়া তার শটে বল আবাহনীর গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। গোলের আনন্দে মেতে উঠে পিডব্লিউডি দল। এরপর অনেক চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি আবাহনী। পিডব্লিউডির কাছে হেরে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই হতাশাজনক ভাবে বিদায় নিতে হলো তাদের।
কুমিল্লায় দিনের অপর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল ফকিরেরপুল ও রহমতগঞ্জ। টানা তিন হার নিয়ে খেলতে নেমে ফকিরেরপুলকে তেমন একটা চেপে ধরতে পারেনি রহমতগঞ্জের ফুটবলাররা। ৮৪ মিনিটে ফরোয়ার্ড সামিন ইয়াসির জালে বল জড়ালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ দিকে ভালো একটি সুযোগ নষ্ট হয় রহমতগঞ্জের। ঘানার ফরোয়ার্ড ক্লেমেন্ট এডু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। রহমতগঞ্জের বিপক্ষে ড্র করায় গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে চতুর্থ থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফকিরেরপুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

