রাজবাড়ীর গোয়ালন্দে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলুন উড়িয়ে এই আয়োজন উদ্বোধন করেন ইউএনও সাইফুল হুদা। পরে মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হতে হবে, তবেই তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত আমাদের সমাজে সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, সাংস্কৃতিক চর্চা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়তা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এবং সহকারী অধ্যাপক লিয়াকত হোসেন হিমুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

