ইউরোপীয় ফুটবলে নতুন এক অধ্যায় শুরু করেছেন ফাহামিদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরের ফুটবল লিগের ক্লাব সেস্ত্রি লেভান্তেতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ২০ বছর বয়সি এই উদীয়মান ফুটবলার।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তরুণ মিডফিল্ডার ফাহামিদুলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব কর্তৃপক্ষ। তবে চুক্তির মেয়াদ কিংবা আর্থিক লেনদেনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
নতুন ঠিকানায় আসার আগে ফাহামিদুল ইতালির অন্য ক্লাব ওলবিয়া ক্যালসিওতে মাঠ কাঁপিয়েছেন। ক্লাবটির হয়ে প্রায় দেড় মৌসুমে ২৮ ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। গত জুনে ওলবিয়ার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।
সেস্ত্রি লেভান্তে সম্প্রতি কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালিয়ান ফুটবলের তৃতীয় স্তরে খেললেও ২০২৪-২৫ মৌসুমের শেষে অবনমিত হয়ে দলটি বর্তমানে চতুর্থ স্তরের লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ফাহামিদুলের ফুটবলে হাতেখড়ি ও বিকাশ ইতালিতেই। বয়সভিত্তিক পর্যায়ে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার মতো পরিচিত ক্লাবের একাডেমিতে খেলেছেন। পরে সিনিয়র পর্যায়ে ইতালির সিরি ডির দল লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার হয়েও ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেন।
ইতালিতে বেড়ে উঠলেও দেশের টানে ২০২৫ সালে বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফাহামিদুল। একই বছরের ৪ জুন ভুটানের বিপক্ষে এক প্রীতি ম্যাচে লাল-সবুজ জার্সিতে তার অভিষেক ঘটে, যেখানে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলেছেন এই তরুণ মিডফিল্ডার, যার মধ্যে সদ্যসমাপ্ত ফিফা আসিয়ান কাপের তিনটি ম্যাচও অন্তর্ভুক্ত। তবে জাতীয় দলের হয়ে এখনো কোনো গোলের দেখা পাননি তিনি।
লিগে বর্তমানে বেশ চাপে রয়েছে ফাহামিদুলের নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তে। চলতি মৌসুমে ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে অবস্থান করছে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

